জয়শ্রী রানী, নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ এর সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ।
বৈঠকটি ছিল সৌজন্যমূলক, যেখানে দুই পক্ষ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইপিইউর সঙ্গে সম্পর্ক জোরদার
এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি স্মরণ করেন যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই চালাতে গিয়ে তাঁর দলের বহু নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন
এবং নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারেই ভূমিকা রাখেনি, বরং দেশে সংসদীয় গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রেও দলটির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
সামনের দিনগুলোতে নানা চ্যালেঞ্জ থাকলেও গণতন্ত্রের প্রতি তাঁর সরকারের অঙ্গীকার অটুট থাকবে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী প্রত্যাশা প্রকাশ করেন, আইপিইউর সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদের সম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় হবে।
জবাবে আইপিইউ সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপ প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিতভাবে জাতীয় সংসদের অধিবেশনে উপস্থিত থাকা সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারেরই একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।
বৈঠকে নারীর ক্ষমতায়ন, তরুণ ও নারী সংসদ সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি এবং সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন।
সাক্ষাতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।













