মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি:
আসন্ন চুনতি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ বিএনপি নেতা ও সমাজসেবক আবদুল আজিজ আকাশ।
ইতিমধ্যে তিনি চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক ও মানবিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা শুরু হলেও চেয়ারম্যান পদে আবদুল আজিজ আকাশের নামই এখন সবচেয়ে বেশি আলোচিত।
দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়তার কারণে তিনি নির্বাচনী মাঠে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানা গেছে।
এ বিষয়ে আবদুল আজিজ আকাশ বলেন, *“ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ ভরসা।
দলের সমর্থন পেলেই চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করব।
ইতিমধ্যে ইউনিয়নের মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। চুনতির একজন সেবক হিসেবে কাজ করতে চাই।”
জানা যায়, আবদুল আজিজ আকাশ লোহাগাড়া উপজেলার চুনতি সাতগড় পুরান পাড়ার আলহাজ্ব ফজলুল হক ও মোছলেমা খাতুনের পুত্র।
তিনি চুনতি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার পরিবারের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ সহায়তা ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, “আমরা আকাশ ভাইকে সৎ ও ক্লিন ইমেজের নেতা হিসেবে চিনি। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তাই আগামী নির্বাচনে চুনতির মানুষ আবদুল আজিজ আকাশকে মূল্যায়ন করবেন ।”
আসন্ন ইউপি নির্বাচনে তার প্রার্থিতা ঘোষণা হলে চুনতির রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন স্থানীয়রা।













