‘সবার আগে বাংলাদেশ’—ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৭, ২০২৬

আহমেদ সিয়াম:
দিল্লি, পিন্ডি কিংবা অন্য কোনো দেশ নয়—বাংলাদেশের স্বার্থই সবার আগে, এমন বার্তা দিয়ে দেশপ্রেমিক ও গণতান্ত্রিক জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মতে, নতুন প্রজন্ম ৭ নভেম্বরের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এক থাকলে বাংলাদেশ কখনো পথ হারাবে না।

শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

সিপাহী-জনতার ঐক্য দেশের স্বাধীনতা রক্ষায় কী ভূমিকা রেখেছিল, তা তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর স্বাধীনতাবিরোধী অপশক্তি ও ষড়যন্ত্রকারীরা তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে পরিবারের সদস্যদেরসহ গৃহবন্দি করেছিল। দেশপ্রেমিক সিপাহী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেন। তাঁর বক্তব্যে, জাতীয় ঐক্যের চেতনার বাতিঘর হয়ে ওঠে ৭ নভেম্বর।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা মহাজোটের নামে একজোট হয়ে দেশে পুনরায় একদলীয় ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞের মাধ্যমে সেনাবাহিনীর গৌরব ক্ষুণ্ন করা হয়।

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে সেই পরাজিত অপশক্তির আবারও পতন ঘটে। এর মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়। গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

দেশের মানুষের পরিচয় প্রসঙ্গে তারেক রহমান বলেন, রাজনৈতিক মত, দল, ধর্ম কিংবা বর্ণের পার্থক্য থাকলেও এ দেশের সব নাগরিকের পরিচয় এক—‘আমরা বাংলাদেশি’। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের এই অভিন্ন পরিচয়ই জাতিকে ঐক্যবদ্ধ করেছে। বাংলাদেশ যত দিন থাকবে, সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের তাৎপর্যও তত দিন প্রাসঙ্গিক থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস মানে শুধু অতীতের ঘটনা স্মরণ করা নয়; ইতিহাস মানুষের আত্মপরিচয় তৈরি করে এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তরুণদের মেধা ও সম্ভাবনা বিকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার মূল চেতনা ধারণ করে নিরাপদ, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত বিপুলসংখ্যক কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীর সামনে প্রধানমন্ত্রী স্লোগান দেন, ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ’। এরপর পুরো স্টেডিয়ামজুড়ে উপস্থিত মানুষ সমস্বরে উচ্চারণ করেন, ‘সবার আগে বাংলাদেশ’।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদ্‌যাপন কমিটির সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ সেনাবাহিনী, ন্যাশনাল ক্যাডেট কোর ও বাংলাদেশ স্কাউটস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেন।