মোহম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি: মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং একটি মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় রাঙ্গুনিয়া মডেল থানার আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাদকের বিরুদ্ধে জনমত গঠন এবং তরুণ সমাজকে মাদকের কালো থাবা থেকে রক্ষা করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-০৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হুমাম কাদের চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
সুধী সমাবেশে বক্তারা মাদককে বর্তমান সমাজের সবচেয়ে বড় অভিশাপ হিসেবে উল্লেখ করেন।
তারা বলেন, মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, বরং একটি পরিবারকে তছনছ করে দেয় এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে।
বক্তারা আরও বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়।
এর জন্য প্রয়োজন সামাজিক প্রতিরোধ।
অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নবান হতে হবে। শিক্ষকদের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে।
জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে মাদকবিরোধী প্রচারণায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই।
রাঙ্গুনিয়াকে মাদকমুক্ত রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণকে একসাথে কাজ করতে হবে।
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে হবে।"
প্রধান আলোচক পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান সার্বক্ষণিকভাবে অব্যাহত আছে এবং থাকবে।
যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে মাদক নির্মূলে জনগণের সহযোগিতা অপরিহার্য।"
বক্তারা মাদকাসক্তদের ঘৃণা না করে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, আসক্ত ব্যক্তিকে সমাজে ফিরিয়ে আনতে পারলেই একটি সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব।
আলোচনা পর্ব শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল মাদকবিরোধী র্যালি বের করা হয়।
"মাদককে না বলুন", "মাদকমুক্ত রাঙ্গুনিয়া চাই" - এমন বিভিন্ন স্লোগান দিয়ে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষে বক্তারা একটি মাদকমুক্ত রাঙ্গুনিয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।













