গাড়ি চালাতে মানতে হবে বিআরটিএর নতুন নিয়ম

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৭, ২০২৬

বিআরটিএ

আহমেদ সিয়াম:
শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্সধারীরা বৈধ প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নেওয়ার সময় ছাড়া সড়কে গাড়ি চালাতে পারবেন না। এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সংস্থাটির ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় প্রশিক্ষণের সময় গাড়ির দৃশ্যমান স্থানে বড় লাল রঙের ‘L’ চিহ্ন রাখার কথাও বলা হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া সড়কে মোটরযান চালানো আইনত শাস্তিযোগ্য অপরাধ। তবে শিক্ষানবিশ লাইসেন্সধারীরা বৈধ প্রশিক্ষকের সঙ্গে অনুশীলনের সময় গাড়ি চালাতে পারবেন।

প্রশিক্ষণের সময় গাড়িতে লাল রঙের বড় ‘L’ চিহ্ন থাকতে হবে। এটি এমনভাবে রাখতে হবে, যাতে সড়কে চলাচলকারী অন্য চালকেরা সহজেই দেখতে পান।

ড্রাইভিং শেখার প্রাথমিক ধাপে পূর্ণাঙ্গ লাইসেন্সের আগে শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স নেওয়ার নিয়ম রয়েছে। এ লাইসেন্সের মাধ্যমে একজন নতুন চালক নির্ধারিত শর্তে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে পারেন।

শিক্ষানবিশ চালকের গাড়ি শনাক্ত করতে সাধারণত সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের ‘L’ লেখা বোর্ড বা চিহ্ন ব্যবহার করা হয়। ইংরেজি ‘Learner’ শব্দের সংক্ষিপ্ত রূপ হলো এই ‘L’।

এ ধরনের চিহ্ন থাকলে অন্য চালকেরা বুঝতে পারেন, গাড়িটি একজন নতুন চালক চালাচ্ছেন। সে অনুযায়ী তাঁরা সতর্কতা অবলম্বন করতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারেন।

প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনার ঝুঁকি কমানো, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষানবিশ চালকদের সচেতন করতেই বিআরটিএ এ নির্দেশনা দিয়েছে।