রাজনীতিতে কার ক্ষমতা কতটা বাড়ল বা কমল, তার চেয়ে মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ কমিউনিটির এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বাস্থ্যসেবা নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে সেবার পরিধি বাড়াতে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ থেকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে। হাসপাতালগুলোতে শিশু ও গাইনি ওয়ার্ড স্থাপনেরও পরিকল্পনা রয়েছে।
শিক্ষা খাতে সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী বছর থেকে প্রত্যেক শিক্ষার্থীর একাধিক ভাষা শেখার সুযোগ তৈরির পরিকল্পনা করছে সরকার। জানুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে ট্রাফিক আইন সম্পর্কিত বিষয়ও যুক্ত করা হবে। তাঁর মতে, শিক্ষাব্যবস্থার উন্নয়ন জাতির ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে।
তারেক রহমান জানান, ২০২৭ সালের মধ্যে ৪৬টি বন্ধ কারখানা পুনরায় চালুর লক্ষ্য রয়েছে সরকারের। পাশাপাশি বৈধভাবে ব্যবসা করার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জাপানের সম্ভাব্য বিনিয়োগের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যাওয়ার বিষয়ে জাপান সরকারের আগ্রহ রয়েছে। বিনিয়োগকারীদের স্বাগত জানাতে দেশকে প্রস্তুত থাকতে হবে। এর ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। এ জন্য প্রবাসীদের দেশের প্রতিনিধি বা অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সরকারের দায়িত্ব গ্রহণের সময়কার পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতি ও প্রশাসনিক অবস্থার মধ্যে কাজ শুরু করতে হয়েছে। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সরকার এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে, তবে জনকল্যাণমূলক উদ্যোগে দ্বিমত থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।
















