নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতায় আসার সাত মাসের মধ্যেই বিএনপি সরকার রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মতোই স্বৈরাচারী পথে এগোচ্ছে বর্তমান সরকার। বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হওয়ায় এখন থেকে সরকার নয়, দেশের মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন শফিকুর রহমান। ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক বছর সালতামামি’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
জামায়াত আমির বলেন, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি নিজেদের অতীত অবস্থান ভুলে গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দুই দল একই রাজনৈতিক বাস্তবতায় ছিল। গণভোটের বিষয়ে মতপার্থক্য না থাকলেও জামায়াত চেয়েছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক। বিএনপির আপত্তিতে শেষ পর্যন্ত জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হয়।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন সংসদ সদস্যদের দুটি শপথ নেওয়ার কথা জানালেও বিএনপির নির্বাচিত সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। সংসদ পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তাঁর মতে, সেখান থেকেই বিএনপির একতরফা রাজনৈতিক আচরণ শুরু হয়।
শফিকুর রহমান বলেন, বিএনপি পাঁচ বছরের জন্য সরকার পরিচালনার জনসমর্থন পাওয়ার কথা বললেও গণভোটের রায় যথাযথ গুরুত্ব পায়নি। গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে বিরোধী দলকে সংসদের বাইরে আন্দোলনে নামতে হতো না। সরকারই তাদের আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, সরকারি দলের ২০৮টি আসনে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের কোনো সংসদ সদস্য তা পাননি। তাঁর দাবি, গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রত্যাশা করেছিল। কিন্তু দেশ আবার পুরোনো ধারায় ফিরে যাচ্ছে। মহিষের ওপর কর আরোপের বিষয়টিও সমালোচনা করেন তিনি।
বিরোধী দলের ৮৯ জন সংসদ সদস্য দেশের ১৮ কোটি মানুষের স্বার্থ রক্ষায় কাজ করবেন জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘বিএনপি বদলে গেলেও আমরা আমাদের কথা বদলাব না। জুলাই সনদ আর গণভোটের গণরায় আমরা আদায় করেই ছাড়ব।’
সরকারের পতন নয়, বরং সফলতা চেয়েছিলেন বলে উল্লেখ করেন জামায়াত আমির। তবে তাঁর অভিযোগ, বিরোধী দলের সহযোগিতা গ্রহণের সক্ষমতা দেখাতে পারেনি সরকার। তিনি বলেন, ‘আমরা এতদিন সরকারকে সহযোগিতা করব বলেছিলাম। আজ থেকে ঘোষণা দিচ্ছি, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব।’
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।

















