সাত দিনের মধ্যে ক্ষমা না চাইলে পরীমনির বিরুদ্ধে আইনি পদক্ষেপ

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৮, ২০২৬

পরীমনি

আহমেদ সিয়াম:

সাংবাদিককে হয়রানি ও জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় নোটিশটি পাঠান।

নোটিশে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, সংলাপ, হুমকি, অভিনয়, অঙ্গভঙ্গি এবং অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সাত দিনের মধ্যে পরীমনিকে কারণ দর্শানোর নোটিশ দিতে এবং তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব পদক্ষেপ নেওয়া না হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে পরীমনির বাগ্‌বিতণ্ডাকে কেন্দ্র করে এ বিতর্কের সূত্রপাত। পরীমনি ও তাঁর দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তাঁর গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের দাবি, ভিডিও ধারণের সময় পরীমনি তাঁর মোবাইল ফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের ফোন ফেরত নেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির একটি ফেসবুক পোস্ট নিয়েও সমালোচনা শুরু হয়। আদালত থেকে বেরিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি শব্দের একটি আপত্তিকর ও আক্রমণাত্মক পোস্ট দেন তিনি। পোস্টটি কাকে উদ্দেশ করে লেখা হয়েছিল, তা স্পষ্ট হয়নি। তবে প্রকাশের এক ঘণ্টার মধ্যেই পোস্টটিতে হাজার হাজার প্রতিক্রিয়া পড়ে। মন্তব্য করার সুযোগ বন্ধ থাকায় অনুসারীরা সেখানে সরাসরি মতামত জানাতে পারেননি।