সৈয়দ আতিক ফয়সাল, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি সানজিদা আহমেদের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আজকে এমন দুজন ব্যক্তির জন্ম জয়ন্তী উপলক্ষে এই অনুষ্ঠান, যারা অনন্য মানুষ। সাময়িকভাবে তাদেরকে নিয়ে মানুষের মধ্যে বিতর্ক থাকতেই পারে, কিন্তু এই উপমহাদেশে তাদের সাম্যবাদ, নির্যাতিতদের পক্ষে দাঁড়ানো, বিদ্রোহের গানসহ অবদান অনস্বীকার্য। তাঁদের জন্ম না হলে এ উপমহাদেশের সাহিত্য, সংস্কৃতি ও সমাজচিন্তা অনেক গুরুত্বপূর্ণ অবদান থেকে বঞ্চিত হতো। তাঁদের আমরা প্রতিবছর, প্রতিনিয়ত এভাবেই স্মরণ করব।আমাদের কাজ, কর্ম, বিশ্বাস ও চিন্তাধারার মধ্য দিয়ে। যে যা-ই বলুক, আমাদের চিন্তাধারায় যেন তাঁদের আদর্শের সুস্থ ও ইতিবাচক প্রতিফলন ঘটে।’
ক্লাবের সাফল্য কামনা করে তিনি আরও বলেন, ‘মহিলা ক্লাবের প্রতি আমার প্রত্যাশা, ভবিষ্যতেও ক্লাবটি নিজ উদ্যোগে এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে এবং এর উৎকর্ষতা ক্রমাগত বৃদ্ধি করবে। আমরা যতদিন দায়িত্বে আছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মহিলা ক্লাবের প্রতি আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে। আপনারা সুন্দরভাবে এ উদ্যোগ পরিচালনা করবেন এটাই আমাদের প্রত্যাশা।’
আয়োজনে ক্লাবের সভাপতি সানজিদা আহমেদ বলেন, ‘নজরুল ও রবীন্দ্রনাথের সাহিত্য আমাদের শেখায়, ধর্মের নামে বিভাজন নয়, বরং মানবতার মধ্য দিয়েই প্রতিষ্ঠা করতে হবে ঐক্য। নারী ও পুরুষের মধ্যে বৈষম্য নয়, নিশ্চিত করতে হবে সমমর্যাদা। সংস্কৃতির চর্চায় খুঁজে নিতে হবে মুক্তির পথ, আর সাহিত্যের মধ্য দিয়ে ছড়িয়ে দিতে হবে মানুষকে ভালোবাসার শিক্ষা।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এবং ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। নাচ,গান এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।














