বিনা খরচে মালয়েশিয়ায় ৩০০ জনের চাকরি

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৮, ২০২৬

বিনা খরচে মালয়েশিয়ায় ৩০০ জনের চাকরি

আহমেদ সিয়াম:

সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়ায় লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচিত করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন বিএইচডিতে চাকরির জন্য তাঁদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ১১২ জনকে বিনা অভিবাসন ব্যয়ে পাঠানো হবে।

রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঢাকার প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রার্থীদের নির্বাচন করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বোয়েসেলের কর্মকর্তাদের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ ছিল। নির্ধারিত সময়ে ৪ হাজার ২৯ জন আবেদন করেন। লটারিতে বাছাই হওয়া ৩০০ জনের মধ্যে ২০০ জন অপারেশনস অ্যাসিস্ট্যান্ট এবং ১০০ জন টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদের প্রার্থী। তাঁদের তালিকা বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

পরবর্তী ধাপে ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবেন। সেখান থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দিয়ে মালয়েশিয়ায় পাঠানো হবে। এ জন্য কর্মীদের কোনো অভিবাসন ব্যয় দিতে হবে না।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানো বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার। এ ধরনের নিয়োগ উদ্যোগ ওই লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করবে। তাঁর ভাষ্য, প্রবাসী কল্যাণমন্ত্রীর ঘোষিত শূন্য অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর প্রতিশ্রুতিও এ প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এবারই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ প্রার্থী নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নির্বাচিত কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর জন্য ফ্লাইট চালু হবে। পাশাপাশি পর্যটন, ম্যানুফ্যাকচারিং ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদা পেয়েছে বোয়েসেল। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা, বিমানভাড়াসহ সব খরচ নিয়োগকর্তা বহন করবেন। ফলে এসব কর্মীকেও কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে।

অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নূরুন নাহারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।