ফ্যামিলি কার্ডের প্রভাবে তালাক কমেছে: চিফ হুইপ

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ১৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর ফলে পারিবারিক সম্পর্কে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং তালাক বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। একই সঙ্গে সরকারের ভালো কাজের প্রচার বাড়াতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময়সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মায়েদের নামে ফ্যামিলি কার্ড চালু করেছেন। এ উদ্যোগের মাধ্যমে নারীরা সরাসরি সুবিধা পাবেন, যা তাঁদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

কর্মসূচিটির প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে নূরুল ইসলাম মনি বলেন, “মায়েদের দুইটা সন্তানসহ তালাক দিবা, সেই সুযোগ আর নাই। এই তালাক বন্ধ করেছে এই ফ্যামিলি কার্ড।” তাঁর বক্তব্য অনুযায়ী, ফ্যামিলি কার্ডের সুবিধা পাওয়ার বিষয়টি পরিবার ভাঙনের প্রবণতা ঠেকাতে ভূমিকা রাখছে।

সরকারের সাফল্য তুলে ধরার বিষয়ে তিনি বলেন, “ভালো না মন্দ কাজ? যদি ভালো হয়, আপনারা বড় করে লেখেন। ভালো কাজগুলো বারবার মনে করায়ে দিয়েন।”

বিদ্যুৎ খাতের ব্যয় নিয়ে সমালোচনা করে নূরুল ইসলাম মনি বলেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তিতে ব্যয় করা অর্থ দিয়ে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা যেত। এ সময় সরকারকে বিব্রত করতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বক্তব্যে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান হলো, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে দেশ পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার ঘটনা ঘটেনি।

মতবিনিময়সভায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা এবং জেলা পরিষদের প্রশাসক ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।