পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকার প্রস্তাব

Ahmed Siam

প্রকাশ :নভেম্বর ৯, ২০২৬

আহমেদ সিয়াম: 
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে সর্বোচ্চ ৪৮ হাজার এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। অন্যদিকে, কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫৫ হাজার এবং সর্বনিম্ন ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে শ্রমিকপক্ষের প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন বোর্ডের সদস্য ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তিনি জানান, শ্রমিকদের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংগঠন এবং কারখানা পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ প্রস্তাব তৈরি করা হয়েছে। পারস্পরিক আস্থা ও দাবির প্রতি সম্মান রেখে মজুরির পরিমাণ নির্ধারণের দাবি বোর্ডের কাছে তুলে ধরা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের জন্য প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানানো হয়েছে। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।

অন্যদিকে, কর্মচারীদের ক্ষেত্রে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেড বা অফিস স্টাফদের জন্য ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।

বাবুল আখতার বলেন, সোমবারের প্রস্তাবে শুধু মজুরির পরিমাণ উল্লেখ করা হয়েছে। এর যৌক্তিকতা, পদ ও গ্রেডের বিস্তারিত নিয়ে আগামী সপ্তাহে প্রস্তাব ও আলোচনা হবে।

বোর্ডের সভায় শ্রমিকপক্ষ লিখিত প্রস্তাব জমা দিলেও মালিকপক্ষ এখনো কোনো লিখিত প্রস্তাব দেয়নি। এ বিষয়ে মালিকপক্ষকে চার কর্মদিবস সময় দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।