গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ২৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জামালপুরের যমুনা সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ রয়েছে। মাত্র দুই দিন উৎপাদন চালু থাকার পর রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কারখানার উৎপাদন বিভাগের প্রধান মো. ফজলুল হক জানান, দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার পর গত ৬ অক্টোবর কারখানাটিতে উৎপাদন শুরু হয়েছিল। তবে কারিগরি ত্রুটির কারণে ৮ অক্টোবর আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়।

পরে ত্রুটি মেরামত করে গত শুক্রবার পুনরায় উৎপাদন শুরু করা হয়। কিন্তু পেট্রোবাংলা ও তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় উৎপাদন আবারও থেমে গেছে।

তিনি বলেন, গত দুই দিনে কারখানাটিতে মোট ১ হাজার ৬০০ মেট্রিক টন সার উৎপাদন করা হয়েছে। স্বাভাবিকভাবে উৎপাদন চালু রাখতে প্রতিদিন ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন। প্রয়োজনীয় চাপ না পাওয়ায় রোববার ভোর থেকে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদন শুরু করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্যাস সংকট ও বিভিন্ন যান্ত্রিক সমস্যার কারণে প্রায় দুই বছর বন্ধ ছিল যমুনা সার কারখানা। কারখানাটিতে দৈনিক ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ মেট্রিক টন সার উৎপাদনের সক্ষমতা রয়েছে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তালিকাভুক্ত ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে এ কারখানার সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সরবরাহ করা হয়। ফলে কারখানাটির উৎপাদন বন্ধ থাকায় এসব অঞ্চলে সার সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।