নিজস্ব প্রতিবেদক:
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে গাজীপুরে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিজিবির এক সদস্য আহত হয়েছেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরাও। ভাঙচুর করা হয়েছে টেলিভিশন সাংবাদিকের ক্যামেরা।
সোমবার (২ নভেম্বর) সকাল থেকে সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। টানা চতুর্থ দিনের মতো চলা এ কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা ১১টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরাতে পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযান চালান। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। জবাবে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়লে বিজিবির এক সদস্য আহত হন।
এরপর বেলা ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একাধিক গাড়ি ভাঙচুর করেন এবং কয়েকটিতে আগুন দেন।
সংঘর্ষের মধ্যে সংবাদ সংগ্রহের সময় সময় টেলিভিশনের প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা হয়। তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে। এর আগে আন্দোলন চলাকালে আরও কয়েকজন সাংবাদিককে মারধর, হামলা এবং তাঁদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
















