আহমেদ সিয়াম:
চলচ্চিত্রের পর্দায় পরিচিত মুখ অনন্ত জলিলের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এখন বড় আর্থিক সংকটে। ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা।
কর্মহীন হয়ে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক। এরই মধ্যে এবি অ্যাপারেলস লিমিটেডের কাছে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তাঁর স্ত্রীকে আইনি নোটিশ দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
তৈরি পোশাক খাতের ব্যবসায় ছোট পরিসরে যাত্রা শুরু করেছিলেন এম এ জলিল অনন্ত। প্রায় ২৫ বছরে একের পর এক প্রতিষ্ঠান গড়ে তুলে এজেআই গ্রুপের মাধ্যমে দেশের অন্যতম পরিচিত পোশাক উদ্যোক্তা হয়ে ওঠেন তিনি।
২০১০ সালে চলচ্চিত্রে নাম লেখানোর পর অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে বিয়ে করেন অনন্ত। দুজন একসঙ্গে ‘খোঁজ—দ্য সার্চ’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে এবি অ্যাপারেলস লিমিটেড প্রতিষ্ঠা করেন তিনি।
কিন্তু নানা কারণে ব্যবসায়িক কার্যক্রমে সংকট তৈরি হয়। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় তাঁর একাধিক শিল্পপ্রতিষ্ঠান। ঋণের বোঝা বাড়তে থাকায় বিপাকে পড়েন অনন্ত জলিল এবং তাঁর প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করা ব্যাংকগুলো।
আইনি নোটিশ পাওয়ার কথা স্বীকার করে অনন্ত জলিল জানান, করোনার সময় প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে কারখানায় কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা দিয়েছেন। তাঁর দাবি, ওই ঋণের সুদ যুক্ত হয়ে এখন দেনার পরিমাণ অনেক বেড়েছে।
ব্যাংকের নোটিশ অনুযায়ী, এবি অ্যাপারেলসের ঋণ পুনঃতফসিলের আবেদনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়। এরপর ঋণের একটি অংশ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংকের অনুকূলে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ জলিল অনন্ত।
কিন্তু ২ নভেম্বর চেকটি ব্যাংকে জমা দিলে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এ ঘটনায় অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ব্যাংক।
নোটিশে বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের শর্ত ভঙ্গ হয়েছে। ৩০ দিনের মধ্যে চেকে উল্লেখ করা অর্থ পরিশোধ না করলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে উপযুক্ত আদালতে মামলা করার কথাও জানানো হয়েছে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ রয়েছে।
ব্যাংকের আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু বলেন, এবি অ্যাপারেলসের ঋণ পুনঃতফসিলের আবেদন বিবেচনা করে ২০২৪ সালের ২৮ আগস্ট ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার টার্ম লোন পুনঃতফসিল করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে সেই শর্ত লঙ্ঘন করা হয়েছে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে অনন্ত জলিলের অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে অর্থায়ন করা ব্যাংকগুলোর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। ঋণ ও দেনার পাশাপাশি বিপুল অঙ্কের চেক প্রত্যাখ্যাত হওয়ায় বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ঘনিষ্ঠ সূত্রগুলোর ভাষ্য, ব্যবসা সচল করতে অনন্ত জলিল নতুন বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন। একাধিক চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেছেন। তবে কারও কাছ থেকেই প্রত্যাশিত সাড়া পাননি। কারখানাগুলো পরিচালনার জন্য ভাড়াটিয়া খুঁজেও সফল হননি তিনি।
এর মধ্যে গ্যাস বিল বকেয়া ও গ্যাস চুরির অভিযোগে এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে এবি অ্যাপারেলসের চেয়ারম্যান অনন্ত জলিল বলেন, ব্যাংকের সহযোগিতা ছাড়া এ অবস্থা থেকে ব্যবসা পুনরুদ্ধার করা কঠিন।
চলচ্চিত্রে যুক্ত হওয়ার পর ব্যবসায়িক কার্যক্রমে মনোযোগ কমে যাওয়াই কি সংকটের কারণ—এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অনন্ত জলিল। তিনি বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন পরিস্থিতির কারণে তিনি এ অবস্থায় পড়েছেন।
একসময় চলচ্চিত্র ও তৈরি পোশাকশিল্প—দুই ক্ষেত্রেই আলোচিত ছিলেন অনন্ত জলিল। এখন তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকের পাওনা পরিশোধ না হলে চেক ডিজঅনার মামলা এবং পরে অর্থঋণ আদালতে মামলা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।














