প্রতিবছর ৭ নভেম্বর এখন থেকে সরকারি ছুটি

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৭ নভেম্বরকে প্রতিবছরের সাধারণ ছুটির দিন হিসেবে নির্ধারণ করেছে সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে সম্প্রতি প্রকাশিত প্রজ্ঞাপনটিতে উপসচিব ওয়ালীউল দামান স্বাক্ষর করেছেন। এতে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি পালনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের আগে গত ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বরের রাষ্ট্রীয় স্বীকৃতি ও উদযাপন নিয়ে আলোচনা হয়। বৈঠকে দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই সিদ্ধান্তের ধারাবাহিকতায় জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করেছে। ফলে প্রতিবছর দিনটি সরকারি সাধারণ ছুটির আওতায় থাকবে।

অন্যদিকে দুর্গাপূজা উপলক্ষে চলতি অক্টোবরেও টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। গত মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হওয়া ছুটি আগামী শনিবার (২৪ অক্টোবর) শেষ হবে।

এরপর ২৫ অক্টোবর, রোববার থেকে সরকারি অফিস-আদালতের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।