সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না: জামায়াত আমির

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ২৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গত ১৫ বছরে দেশে গুম, খুন ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের কেউ কেউ আবার আশকারা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁদের উদ্দেশে তিনি বলেছেন, ‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, সেই সাপই ছোবল দিয়ে শেষ করে দেবে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করে জামায়াতে ইসলামী।

আওয়ামী লীগের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, দলটি কখনো স্বাভাবিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব শেষ করে ক্ষমতা ছাড়তে পারেনি। প্রতিবারই লাঞ্ছনা ও অপমানের মধ্য দিয়ে তাদের বিদায় নিতে হয়েছে। কেউ একই পথ অনুসরণ করলে তাঁর পরিণতিও আলাদা হবে না বলে হুঁশিয়ার করেন তিনি।

জামায়াত আমির বলেন, তাঁরা প্রতিহিংসামূলক বিচার চান না। তাঁদের দাবি ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া কিংবা কারও সামান্য ক্ষতি করাও তাঁদের উদ্দেশ্য নয়। তবে ন্যায়বিচার নিশ্চিত হলে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হবে বলে মন্তব্য করেন তিনি।

কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হবে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, অন্যায়ের কাছে মাথানত করার প্রশ্নই আসে না। জীবন একটাই, সেই জীবন আল্লাহ ও মানবতার কল্যাণে উৎসর্গ করতে তাঁরা প্রস্তুত।

দলের প্রয়াত নেতাদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তাঁদের পা কিংবা ঠোঁট কাঁপেনি। তাঁরা বিশ্বাস করতেন, তাঁদের ওপর জুলুম করা হয়েছে এবং শহিদ হিসেবে তাঁরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত ১৫ বছরে গুম ও হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের দুর্ভোগের কথাও তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, তাঁর দলের অনেক নেতাকর্মী নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন। কারও কারও কবরের সন্ধান এখনো পাওয়া যায়নি। অনেক মা-বাবা জানেন না, তাঁদের সন্তান জীবিত আছেন, নাকি মারা গেছেন।

আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নিয়ে প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, রাজনীতির অর্থ যদি মানুষ হত্যা করা হয়, তাহলে দলটি রাজনীতি করতে পারে।

কিন্তু রাজনীতির লক্ষ্য যদি মানুষের কল্যাণ, দেশ গঠন, উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করা হয়, তাহলে আওয়ামী লীগের সেই যোগ্যতা নেই। এ কারণে বাংলাদেশে দলটির রাজনীতি করার অধিকার থাকা উচিত নয় বলে মত দেন তিনি।

আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, দলটির মধ্যে যাঁরা ভালো মানুষ এবং দেশকে ভালোবাসেন, তাঁরা নিজেদের পছন্দমতো রাজনৈতিক দল বেছে নিতে পারেন। তবে দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে, এমন চিন্তা না করার আহ্বান জানান তিনি।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।