নীলফামারীর ৮১২ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার

Ahmed Siam

প্রকাশ :অক্টোবর ১৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নীলফামারী জেলার ৮১২টি মন্দির ও পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় নীলফামারী শহরের ঐতিহাসিক শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা দুর্গাপূজা মন্দির প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১৩ রংপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম, পিএসসি, জি।

ব্রিফিংয়ে জানানো হয়, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে পড়া রোধে সাইবার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম বলেন, পূজার দিনগুলোর পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময়ও বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে। ভক্ত ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসবে অংশ নিতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে এসআরবি।

দুর্গোৎসব শান্তিপূর্ণ রাখতে সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের সহযোগিতাও চেয়েছে বাহিনীটি। গুজব ও উসকানিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা কোনো তথ্য চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তাব্যবস্থা জোরদার করায় পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।