রাশিয়ায় তেল শোধনাগারে ড্রোন হামলা, আগুন

Jaya Sarkar

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০২৬

সেতু মাহমুদ: রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের ইলস্কি তেল শোধনাগারে ড্রোন হামলার দাবি করেছে ইউক্রেন।

স্থানীয় সময় ২৬ সেপ্টেম্বর রাতে হামলার পর শোধনাগারটির ভেতরে আগুন লাগার খবর পাওয়া গেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ পরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, হামলায় ইলস্কি তেল শোধনাগারটি লক্ষ্যবস্তু করা হয়। প্রতিষ্ঠানটির বার্ষিক অপরিশোধিত তেল পরিশোধন সক্ষমতা প্রায় ৬৬ লাখ টন। শোধনাগারটি হাইড্রোকার্বন গ্রহণ, সংরক্ষণ ও পরিশোধনের পাশাপাশি বিভিন্ন পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদন ও সরবরাহ করে।

ইউক্রেনের দাবি, এসব পণ্যের একটি অংশ রুশ সামরিক বাহিনীর প্রয়োজন মেটাতে ব্যবহৃত হয়।

ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, ওই এলাকায় ড্রোন হামলায় দুটি শিল্পপ্রতিষ্ঠানে আগুনের ঘটনা ঘটেছে। তিনি হামলার লক্ষ্যবস্তু হিসেবে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। তবে স্থানীয় সূত্র ও প্রকাশিত ভিডিও-ছবি বিশ্লেষণের ভিত্তিতে ইলস্কি শোধনাগারে আগুন লাগার খবর পাওয়া যায়।


ইউক্রেনের দাবি, রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে হামলার উদ্দেশ্য দেশটির সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা কমানো। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ থেকে ২৬ সেপ্টেম্বর রাতের অভিযানে রাশিয়ার বিভিন্ন এলাকায় শত শত ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইলস্কি শোধনাগারটি এর আগেও একাধিকবার ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। নতুন হামলার ফলে শোধনাগারটির কার্যক্রমে কী ধরনের ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি।

আরো পড়ুন...

তুরস্ককে ১–০ গোলে হারিয়েছে ফ্রান্স