সাংবাদিক হামলায় হল প্রশাসনের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ৫, ২০২৬

‎সৈয়দ আতিক ফয়সাল,রাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ মুছে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মী ও হল প্রাধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের বিরুদ্ধে।

হামলার ঘটনায় নিজেদের দায় আড়াল করতেই গুরুত্বপূর্ণ আলামত মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।

সাংবাদিকদের অভিযোগ, হামলার ঘটনার গুরুত্বপূর্ণ অংশ হলের সামনের সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে ওই ফুটেজ আর পাওয়া যায়নি। হামলার সঙ্গে সংশ্লিষ্টদের পরিচয় ও ঘটনার প্রকৃত চিত্র আড়াল করতেই ফুটেজ মুছে ফেলা হয়েছে বলে তারা দাবি করেন।

এদিকে বিষয়টি অস্বীকার করে শহীদ জিয়াউর রহমান হল প্রাধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, সংস্কার কাজ চলমান থাকায় তখন সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন ছিল। সেজন্য কোনো ফুটেজ নাই। ফুটেজ ডিলিট করার অভিযোগ পুরোপুরি মিথ্যা। উপ-উপাচার্য (প্রশাসন) ড. আবদুল আলীম বলেন, তথ্যগুলো সংরক্ষিত আছে।

অভিযোগ যে কেউ করতে পারে। ডকুমেন্টসের কোনো অভাব নেই। তদন্ত কমিটি যেখান থেকে তথ্য সংগ্রহ করার সেখান থেকে করছে।সিসিটিভি ফুটেজ মুছে ফেলার বিষয়ে উপ-উপাচার্য এড়িয়ে যান।

হামলার ঘটনায় মামলা করবে প্রশাসন:

এদিকে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাংবাদিকদের সঙ্গে আলোচনার পর সোমবারের মধ্যে মামলা করার আশ্বাস দেওয়া হলে তাঁরা রাতের প্রতিবাদ কর্মসূচি থেকে সরে আসেন।

তবে হামলাকারীদের গ্রেপ্তার, শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগসহ বিভিন্ন দাবি তারা জানিয়েছেন।ঘটনার তদন্তে কেন্দ্রীয় ছাত্রদলও দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।সিসিটিভি ফুটেজ সংক্রান্ত অভিযোগের সত্যতা, ফুটেজের বর্তমান অবস্থা এবং হামলার সঙ্গে কারা জড়িত ছিলেন—এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।