সৈয়দ আতিক ফয়সাল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(রাকসু) উদ্যোগে ৫ দিন ব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এতে প্রায় ২৫ জন নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
আজ মঙ্গলবার(৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় রাকসু ভবনে উদ্বোধনী পর্বের মাধ্যমে কর্মশালাটি শুরু হয়।
এসময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তারা সমাজের লুকায়িত সত্য তুলে আনেন। নবীন শিক্ষার্থীরা যেন সাংবাদিকতা বিষয়ে আরো বেশি জানতে পারে এবং প্রকৃত সত্য তুলে এনে তা জাতির সামনে প্রকাশ করতে পারে এই লক্ষ্যে আমাদের এই কর্মশালা।’
কর্মশালায় অংশগ্রহণকারী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নেহাল রাফি বলেন, ‘এমন একটি কর্মশালার আয়োজন করার জন্য রাকসুকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে এই অভিজ্ঞতা আমাদের সহায়তা করবে বলে আশা করি।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন। এছাড়া রাকসুর সহসভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার, সহকারী সাধারণ সম্পাদক সালমান সাব্বিরসহ বিভিন্ন সম্পাদক, সহকারী সম্পাদক ও নির্বাহী সদস্য উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও কর্মশালায় অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।














