অতিন বিশ্বাস: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে শিক্ষার্থী ও নির্দিষ্ট শ্রেণির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দীর্ঘ ছুটি পাওয়া যাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত পাঁচ দিন ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় শিক্ষার্থীরা মোট টানা সাত দিন, অর্থাৎ ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি পাবে।
অন্যদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ছুটির হিসাব কিছুটা ভিন্ন। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে।
এর আগে ১৮ অক্টোবর মহাসপ্তমী ও ১৯ অক্টোবর মহাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এই দুই দিনের ঐচ্ছিক ছুটির সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি যুক্ত হলে তারা টানা চার দিনের ছুটি পেতে পারেন।
এরপর ২২ অক্টোবর বৃহস্পতিবার এক দিনের অতিরিক্ত ছুটি নেওয়া হলে ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে। ফলে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের জন্য ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিনের ছুটির সুযোগ তৈরি হবে। তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়; ঐচ্ছিক ছুটির বিধি অনুযায়ী নির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাই এ সুবিধা নিতে পারবেন।
বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার ছুটির নিয়ম নিজস্ব নীতিমালার ওপর নির্ভর করবে। একইভাবে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহসহ জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে দায়িত্ব পালনের প্রয়োজন হতে পারে।
ফলে অক্টোবরের দুর্গাপূজাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সাত দিনের ছুটি নিশ্চিত থাকলেও সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সাত দিনের ছুটি পেতে প্রযোজ্য ঐচ্ছিক ও অতিরিক্ত ছুটির অনুমোদন প্রয়োজন হবে।














