বিদ্যালয় মাঠে তরুণদের খেলাধুলা বন্ধের সিদ্ধান্ত, স্থানীয়দের প্রতিবাদ

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২৯, ২০২৬

বিদ্যালয় মাঠে তরুণদের খেলাধুলা বন্ধের সিদ্ধান্ত, স্থানীয়দের প্রতিবাদ

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: লোহাগাড়ার চুনতি ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের একমাত্র খেলার মাঠ বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার তরুণদের খেলাধুলা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে নিরাপত্তার কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী ছাড়া বহিরাগতদের বিদ্যালয় মাঠে খেলাধুলা ও অবাধ বিচরণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়।

স্থানীয়দের দাবি, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই স্কুল ছুটির পর চুনতি ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ছেলেরা এই মাঠে খেলাধুলা করে আসছেন। প্রায় ৫ একর আয়তনের এই মাঠটি দীর্ঘদিন ধরে এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম প্রধান জায়গা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

স্থানীয়রা বলেন, হঠাৎ করে এলাকার ছেলেদের মাঠে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। তাদের মতে, শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার তরুণদের খেলাধুলার সুযোগও থাকা প্রয়োজন। বড় একটি মাঠ থাকা সত্ত্বেও সেটি স্কুল ছুটির পর স্থানীয়দের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হলে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ সংকুচিত হবে।

শুকুর ইব্রাহিম নামের এক বাসিন্দা বলেন, লোহাগাড়ার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বর্তমান সরকার খেলাধুলা ও খেলার মাঠের গুরুত্বের ওপর জোর দিচ্ছেন। এমন সময়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ স্থানীয় তরুণদের খেলাধুলার জন্য বন্ধের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

স্থানীয়দের দাবি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন থাকলে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিয়ম-কানুন নির্ধারণ করতে পারে। তবে স্কুল ছুটির পর এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বন্ধ না করে দ্রুত মাঠটি তাদের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা করতে হবে। এলাকাবাসী দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে স্কুল ছুটির পর চুনতির তরুণদের খেলাধুলার জন্য মাঠটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।

সুরাইয়া আক্তার নামের আরেক বাসিন্দা বলেন, স্কুল শেষে বাচ্চারা মাঠে খেলা করে। এলাকার একমাত্র মাঠ হওয়ায় বাচ্চাদের খেলার জায়গা নাই। এখানে খেলাধুলা বন্ধ হলে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হবে।

আরো পড়ুন

সারাদেশে চলছে ভ্যাপসা তাপদাহ, সাগরে গভীর নিম্নচাপ