দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা থাকবে কঠোর: ডিএমপি কমিশনার

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ৬, ২০২৬

দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা থাকবে কঠোর: ডিএমপি কমিশনার

অতিন বিশ্বাস: জধানীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে দুর্গাপূজার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, মহালয়া থেকে শুরু করে দুর্গাপূজা এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। রাজধানীর প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পাশাপাশি মণ্ডপের দায়িত্বে থাকা ইনচার্জরা বডিওর্ন ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, পূজার সময় পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।ডিএমপি কমিশনার পূজা উদযাপন কমিটির নেতাদেরও নিজ নিজ মণ্ডপের নিরাপত্তায় সক্রিয় থাকার আহ্বান জানান।

পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের ওপর নজর রাখার পাশাপাশি কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলেন।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে একটি উপস্থাপনা দেন।সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রামকৃষ্ণ মঠ ও মিশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব হবে।

আরো পড়ুন....

লোহাগাড়ায় বালু-মাটি ও পাহাড় কাটার অভিযোগ, পরিবেশ নিয়ে উদ্বেগ