কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিশু অপ্রতিমের প্রথম জানাজা

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২০, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিশু অপ্রতিমের প্রথম জানাজা

নুরুল হক, কুবি প্রতিনিধি:: শিশু অপ্রতিমের প্রথম জানাজা শেষ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের প্রথম জানাজা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করে অপ্রতিমকে শেষ শ্রদ্ধা জানান।

প্রথম জানাজা শেষে অপ্রতিমের মরদেহ নিয়ে যাওয়া হয় কুমিল্লা নগরীর দক্ষিণ বাগমারা কোটবাড়ি এলাকায়, যেখানে বেলা ১১টায় অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজা। দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা তল্লাশির পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এই হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ, যাদের মধ্যে তুহিন নামের একজনের বাসা থেকে অপ্রতিমের হারিয়ে যাওয়া আইফোনটিও উদ্ধার করা হয়।

এদিকে ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার সাধারণ শোক দিবস পালন করছে, যার আওতায় এদিন সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসসহ এলাকার নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। বিভিন্ন ছাত্র সংগঠনও এই ঘটনায় দ্রুত বিচার ও এলাকার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে।

আরো পড়ুন...

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দিল্লি-ঢাকা আলোচনা
চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ