সিএমপির অভিযান ২ মাসের শিশু উদ্ধার

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ৮, ২০২৬

সিএমপির অভিযান ২ মাসের শিশু উদ্ধার

মো: আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া ২ মাস বয়সী শিশু উদ্ধারসহ সংঘবদ্ধ শিশু চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী মোঃ রাজিব (২২) তার স্ত্রী রুবি বেগম ও ২ মাস বয়সী ছেলে মোহাম্মদ হোসাইনকে নিয়ে কোতোয়ালী থানাধীন বিআরটিসি ফলমন্ডী এলাকায় গত ৩/৪ মাস ধরে ভাসমান হিসেবে ফুটপাতে বসবাস করে আসছিলেন।

গত ০৩/১০/২০২৬ খ্রি. ভোর আনুমানিক ৪.০০ টার সময় তারা ফুটপাতে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েন। একই দিন ভোর ৫.৩০ টার দিকে ঘুম থেকে উঠে দেখেন তাদের ২ মাস বয়সী শিশু সন্তান পাশে নেই।বিষয়টি তাৎক্ষণিকভাবে কোতোয়ালী থানা পুলিশকে জানানো হলে পুলিশ তৎপরতা শুরু করে।

গোপন সংবাদের ভিত্তিতে ০৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬.০০ টার দিকে কোতোয়ালী থানা পুলিশের একটি আভিযানিক দল পাহাড়তলী থানাধীন ৩নং পাহাড়তলী রেলগেট বলুয়ারদিঘীর উত্তর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় শিশু চোর চক্রের সদস্য মোঃ মহরম আলী (৫০), পিতা- মোঃ মনসুর আলী, সাং- চানপুর, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী, বর্তমানে স্টেশন রোড, ইঞ্জিনিয়ার কলোনি, বিআরটিসি ফলমন্ডী এলাকার বাসিন্দাকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মহরম আলীকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় মিনহাজের ভাড়া বাসায় পুনরায় অভিযান চালিয়ে চক্রের অপর সদস্য মোঃ ইব্রাহিম (৩৮), পিতা- মৃত মনসুর আহাম্মদ, সাং- জগদীশপুর, থানা- মীরসরাই, জেলা- চট্টগ্রামকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় কোতোয়ালী থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০২৬ এর ৭/১০ ধারায় একটি মামলা (মামলা নং-২৭, তারিখ-০৮/১০/২০২৬) রুজু করা হয়েছে। অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার হওয়া শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।