চট্টগ্রাম-সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান পরিবহনমন্ত্রীর

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :অক্টোবর ২, ২০২৬

চট্টগ্রাম-সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান পরিবহনমন্ত্রীর

জয়শ্রী রানী: চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি বিমান যোগাযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে তুরস্কের কাছে প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় মন্ত্রণালয়ে তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন মন্ত্রী। বৈঠকে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ, পর্যটন, বিনিয়োগ ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বিশেষভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনার জন্য তুর্কি পক্ষের প্রতি আহ্বান জানান।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের আন্তর্জাতিক ভ্রমণের প্রয়োজন রয়েছে। এসব অঞ্চলের অনেক মানুষ প্রবাসে বসবাস করেন। সরাসরি বিমান যোগাযোগ চালু হলে তাদের ভ্রমণ আরও সহজ হবে এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বর্তমানে টার্কিশ এয়ারলাইনস ঢাকা-ইস্তাম্বুল রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। তুরস্কের পক্ষ থেকে এই রুটে আরও তিনটি সাপ্তাহিক ফ্লাইট বাড়ানোর আগ্রহের কথা জানানো হয়েছে। মন্ত্রী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তাঁর মতে, দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ বাড়লে বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটন খাতেও নতুন সুযোগ তৈরি হতে পারে।

বিমান যোগাযোগের পাশাপাশি বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য তুরস্কের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টিও আলোচনা হয়। ব্যবসা, পর্যটন ও পারস্পরিক যোগাযোগ বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন বাংলাদেশের মন্ত্রী।

এ ছাড়া বাংলাদেশের পর্যটন খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও আতিথেয়তা খাতে তুর্কি বিনিয়োগকারীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

তবে চট্টগ্রাম ও সিলেট থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো উদ্বোধনের তারিখ বা ফ্লাইট সূচি ঘোষণা করা হয়নি। বিষয়টি বর্তমানে প্রস্তাব ও আলোচনার পর্যায়ে রয়েছে।

আরো পড়ুন...

আজ ঢাকায় পৌঁছাবে রূপপুরের ইউরেনিয়াম