নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর

Jaya Sarkar

প্রকাশ :নভেম্বর ৪, ২০২৬

নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর

অতিন বিশ্বাস:

পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তবে নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা প্রথম বেতন পাবেন ২০২৭ সালের জানুয়ারি মাসে।

আজ বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে এ তথ্য জানানো হয়।সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, নতুন মজুরি কাঠামো ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং জানুয়ারি মাসে শ্রমিকেরা নতুন হারে বেতন পাবেন। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারও একই তথ্য নিশ্চিত করেন। মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিনও এ বিষয়ে সম্মতির কথা জানান।

নতুন মজুরি কাঠামোর আওতায় কত টাকা ন্যূনতম বেতন নির্ধারণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের প্রস্তাব বোর্ডে জমা দেবেন। পরবর্তী সপ্তাহে বোর্ডের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে উভয় পক্ষের দাবি ও প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

বর্তমানে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, বাসাভাড়া, চিকিৎসা ও অন্যান্য জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকেরা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে রাজধানী ঢাকা, সাভার, আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে কয়েক দিন ধরে বিক্ষোভ ও কর্মবিরতি চলছে।শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন শিল্পাঞ্চলে বহু কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। কিছু কারখানা সাময়িকভাবে বন্ধও রাখা হয়। এতে পোশাক রপ্তানি, উৎপাদন কার্যক্রম এবং শ্রমিকদের নিয়মিত কর্মসংস্থান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

মজুরি বোর্ডের সভা শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার ও মজুরি বোর্ড কাজ করছে। তাই আলোচনার মাধ্যমে দাবি-দাওয়া তুলে ধরে পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

এর আগে শ্রমিকদের আন্দোলনের মধ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দায়িত্ব হলো তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা। বোর্ডে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হলে তা পোশাকশিল্পের শ্রমিকদের বেতন-ভাতায় প্রভাব ফেলবে। তবে শ্রমিকদের মূল দাবি মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা বোর্ডের আলোচনায় কতটা প্রতিফলিত হয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও শিল্পসংশ্লিষ্টদের।

Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।

আরো পড়ুন...

ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ, বিজিবি মোতায়েন