নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় দলটির আরও তিন নেতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত অপর তিনজন হলেন কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। চার আসামিই পলাতক থাকায় তাঁদের অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হয়।
রায়ে চার আসামির স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা হলেন আশরাফুল ইসলাম, সুরুজ আলী, আবদুল্লাহ আল মুস্তাকিন, মো. উসামা, বাবুল ফরাজী ও ইউসুফ শেখ।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, আন্দোলন দমনে উসকানি ও ষড়যন্ত্রের পাশাপাশি ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতা ছিল। ২০২৪ সালের ২৭ জুলাই কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগও আনা হয়।
এ ছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্যকে সমর্থন এবং কুষ্টিয়া শহরে গুলি চালিয়ে ছয়জনকে হত্যার ঘটনায় আসামিদের দায়ের অভিযোগ ছিল। এসব অভিযোগের বিচার শেষে ট্রাইব্যুনাল সাজা ঘোষণা করেন।
মামলার বিচারপ্রক্রিয়া শুরু হয় ২০২৫ সালে। ওই বছরের ৫ অক্টোবর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরদিন অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে ২ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।
বিচার চলাকালে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। এরপর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।














