শিশুদের নিরাপদ সড়ক চলাচল শেখাতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগ

Jaya Sarkar

প্রকাশ :অক্টোবর ৮, ২০২৬

শিশুদের নিরাপদ সড়ক চলাচল শেখাতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগ

মো: আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: শিশুদের নিরাপদ সড়ক চলাচল নিশ্চিত করা এবং ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

এর অংশ হিসেবে হাটহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা অংশ নেন।

কর্মসূচিতে ট্রাফিক পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রাস্তা পারাপারের সঠিক নিয়ম, ফুটপাত ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়া এবং সড়কে চলাচলের সময় সতর্ক থাকার বিষয়ে সহজ ভাষায় ধারণা দেওয়া হয়।পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। নিজেদের নিরাপত্তার নিয়ম মেনে চলার পাশাপাশি পরিবারের সদস্য ও আশপাশের মানুষকেও সচেতন করার জন্য তাদের উৎসাহিত করা হয়।

সড়ক নিরাপত্তার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শ্রেণিকক্ষে মনোযোগী হওয়া এবং শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়। সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার পাশাপাশি অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার কমিয়ে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কাজে সময় দেওয়ার আহ্বান জানানো হয়।

ট্রাফিক পুলিশের সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। শিক্ষক ও অভিভাবকেরাও শিশুদের জন্য এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন।

চট্টগ্রাম জেলা পুলিশের মতে, ছোটবেলা থেকেই শিশুদের সড়ক নিরাপত্তা ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করা গেলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। শিশুদের মধ্যে সচেতনতা বাড়িয়ে নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে জেলা পুলিশ।