জয়শ্রী রানী: ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও তাকে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এক বিবৃতিতে তিনি বলেন, কোনো ব্যক্তির রাজনৈতিক মতাদর্শ বা পরিচয়কে কেন্দ্র করে তাকে হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন কিংবা জোরপূর্বক কোনো স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। মতপ্রকাশের স্বাধীনতা এবং ব্যক্তির মর্যাদা রক্ষার বিষয়টি গণতান্ত্রিক সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ভেনিসে বাঁধনের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা শুধু একজন শিল্পীর প্রতি অসম্মান নয়; একই সঙ্গে এটি ব্যক্তিস্বাধীনতা ও নিরাপত্তার বিষয়েও গুরুতর প্রশ্ন তৈরি করে।
তিনি বলেন, বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি নাগরিকের সঙ্গে এমন আচরণ দেশের ভাবমূর্তির জন্যও নেতিবাচক বার্তা বহন করে। মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু মতপার্থক্যের সমাধান হতে হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে।
বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
উল্লেখ্য, ইতালির ভেনিসে অবস্থানকালে অভিনেত্রী বাঁধনকে ঘিরে হেনস্তার একটি ঘটনার অভিযোগ ওঠে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বাঁধনও ঘটনার বিষয়ে নিজের বক্তব্য প্রকাশ করেছেন।
ঘটনাটির প্রকৃত কারণ, এতে কারা জড়িত এবং তাদের বিরুদ্ধে স্থানীয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একজন শিল্পীর মত বা অবস্থানের সঙ্গে দ্বিমত থাকলেও তার ওপর হামলা বা তাকে জোর করে কোনো বক্তব্য কিংবা স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি এ ঘটনার যথাযথ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।















