নিজস্ব প্রতিবেদক:
সাজেকে চলমান সংকট নিরসনে অবরোধকারীদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার উদ্যোগ নেওয়ার প্রস্তাব এসেছে। এ লক্ষ্যে খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি মধ্যস্থতাকারী দল গঠনের প্রস্তাব করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলনকক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এ প্রস্তাব ওঠে। ওই দিন রাত সাড়ে ৮টায় সেনা রিজিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সভার সিদ্ধান্ত ও আলোচনার বিষয়গুলো জানানো হয়।
প্রস্তাবিত উদ্যোগে খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক প্রশাসনের প্রতিনিধিদের সম্পৃক্ত করার কথা বলা হয়েছে। সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের মাধ্যমে অবরোধকারীদের প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার প্রস্তাবও দেওয়া হয়।
সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ এবং সাজেকের পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, পর্যটক ও ব্যবসায়ীদের ভোগান্তি নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিনের অচলাবস্থার কারণে স্থানীয় মানুষের ক্ষোভ বাড়ছে। পরিস্থিতি থেকে সাম্প্রদায়িক সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে বলেও সভায় আশঙ্কা প্রকাশ করা হয়।
সড়ক অবরোধে কারবারি অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়েও আলোচনা হয়। সাধারণ মানুষকে জিম্মি করা এবং আন্দোলনকারীদের কর্মকাণ্ডে প্রকাশ্যে মদদ দেওয়ার অভিযোগে সংগঠনটির জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি আলোচনায় আসে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সভা শেষে জনদুর্ভোগ কমানো, এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।














