নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় দুই মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।
সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম এ কর্মসূচির কথা জানান। বেলা সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধান দায়িত্ব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
এনসিপির আহ্বায়কের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত রয়েছেন। এ অবস্থায় তাঁর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার যৌক্তিকতা নেই বলে মনে করেন তিনি।
জ্বালানি খাতের সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘জ্বালানি খাতে যে বিপর্যয় এসেছে, জ্বালানিমন্ত্রী এর দায় এড়াতে পারেন না।’
ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করার প্রবণতার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, দলটি ক্ষমতায় গেলেই রাষ্ট্রীয় ক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করতে চায়।
স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সতর্কবার্তা দেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, আসন্ন নির্বাচনে কোনো ধরনের কারসাজি বা ‘ইঞ্জিনিয়ারিং’ মেনে নেওয়া হবে না।
নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হলে বিএনপি সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম।
Google News-এ Press Point BD-এর খবর দেখুন আমাদের সর্বশেষ সংবাদ ও প্রতিবেদন Google News-এ পড়ুন।














