অতিন বিশ্বাস:
জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলনে (World Leaders' Summit) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীকে বিদায় জানান পরিকল্পনা ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর এ সফর ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও দেশে ফেরার যাত্রা ১৩ নভেম্বর হওয়ার কথা রয়েছে। তুরস্কের আনতালিয়ায় ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে কপ-৩১-এর বিশ্বনেতা সম্মেলন। সেখানে আগামী ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
জলবায়ু ন্যায্যতা ও অর্থায়নে বাংলাদেশের অবস্থান
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সম্মেলনে বাংলাদেশের প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে জলবায়ু ন্যায্যতা, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলা।
বাংলাদেশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে মাত্র ০.০৫ শতাংশ অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। অথচ ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো নানা সমস্যার মুখোমুখি হচ্ছে দেশটি।
এ কারণে উন্নত দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়ন বাস্তবায়ন, অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থ এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চাইবে বাংলাদেশ। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অর্জন ও অভিজ্ঞতাও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবেন প্রধানমন্ত্রী।
বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক
সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। সম্ভাব্য বৈঠকের তালিকায় রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের বিষয়টি বিবেচনায় রয়েছে।
এসব বৈঠকে বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
কপ-৩১ সম্মেলনে থাকবে বাংলাদেশের পাটের প্রদর্শনী
এবারের সম্মেলনে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনাও তুলে ধরা হবে। সম্মেলনের গ্রিন জোনে একটি পাট প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরা হবে।
এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার এবং প্রসারে একটি যৌথ ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্মেলনের ব্লু জোনে ১২ ও ১৩ নভেম্বর বাংলাদেশের উদ্যোগে দুটি পার্শ্ব-আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে একটি অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নারীদের বিশেষ ঝুঁকি ও দুর্ভোগ তুলে ধরা হবে। অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব, পচনশীল ও বর্জ্যহীন পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
উল্লেখ্য, কপ-৩১ জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক সম্মেলন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই এ সম্মেলনের মূল লক্ষ্য। এবারের সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু ন্যায্যতা, অর্থায়ন ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলো নতুন করে গুরুত্ব পাবে বলে আশা করছে সরকার।














