গ্যাস সংকটেই বিদ্যুৎ ঘাটতি: তথ্য উপদেষ্টা

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০২৬

গ্যাস সংকটেই বিদ্যুৎ ঘাটতি: তথ্য উপদেষ্টা

অতিন বিশ্বাস: দেশে চলমান বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ গ্যাসের সরবরাহ ঘাটতি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে লোডশেডিংও কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

রাজধানীর বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ঢাকাকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার আগের ধারণা থেকে সরকার সরে এসেছে। ফলে রাজধানীতেও কিছুটা বিদ্যুৎ সংকট মেনে নিতে হবে। তবে দেশের সবচেয়ে বড় শহর এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হওয়ায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ঢাকা কিছুটা অগ্রাধিকার পেতে পারে।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক লোডশেডিংয়ের পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুনে দেশে প্রতিদিন গড়ে ৯৬৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল। চলতি বছরের একই মাসে এই পরিমাণ ছিল ৭৪১ মেগাওয়াট। জুলাই ২০২৩-এ গড় লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুলাইয়ে কমে ৪৬০ মেগাওয়াটে নেমে আসে।

তবে আগস্টে পরিস্থিতির বড় অবনতি হয়েছে। ২০২৩ সালের আগস্টে দৈনিক গড় লোডশেডিং ছিল ৩৬০ মেগাওয়াট। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৫৬৫ মেগাওয়াটে। আগস্টের বিশেষ পরিস্থিতির কারণে লোডশেডিং উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।

জাহেদ উর রহমান বলেন, গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে বর্তমানে যে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, তা অনেকটাই কমে আসবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকেও পরিস্থিতির উন্নতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে জ্বালানি সংকট নিয়ে তথ্য উপদেষ্টা জানিয়েছিলেন, গ্যাসের ঘাটতি মোকাবিলায় সরকারকে একদিকে ব্যয়বহুলভাবে অতিরিক্ত গ্যাস আমদানির বিষয়টি বিবেচনা করতে হচ্ছে, অন্যদিকে সীমিত পরিসরে লোডশেডিং মেনে নেওয়ার বিষয়টিও সামনে রয়েছে।

রাজধানীতে লোডশেডিং প্রসঙ্গে তিনি আরও বলেন, ঢাকা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র হওয়ায় বিদ্যুৎ সরবরাহে কিছুটা অগ্রাধিকার দেওয়া হতে পারে। তবে ঢাকায় কোনো ধরনের লোডশেডিং হবে না—এমন নীতি থেকে সরকার সরে এসেছে।

বর্তমান পরিস্থিতিতে গ্যাস সরবরাহের ঘাটতি দ্রুত কাটিয়ে উঠতে পারলে বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং এর সঙ্গে লোডশেডিংয়ের চাপও কমবে বলে আশা করা হচ্ছে। ফলে সাময়িক এই সংকট কাটিয়ে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার দিকেই এখন সরকারের নজর রয়েছে।

আরো পড়ুন....

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করবেন খলিলুর রহমান

ইতালির ভেনিসে হেনস্তার অভিযোগ অভিনেত্রী বাঁধনের