অতিন বিশ্বাস: ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে বর্তমান সরকারের "সবচেয়ে ব্যর্থ মন্ত্রী" বলে আখ্যায়িত করেছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
স্ট্যাটাসে সাদিক কায়েম লেখেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক খুন ও ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে, যেখানে নারী, শিশু কিংবা বৃদ্ধ কেউই যেন নিরাপদ নন। তিনি উদাহরণ টেনে বলেন, একই দিনে মানিকগঞ্জেও স্ত্রী ও কন্যাসহ এক প্রবাসীর মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি মন্তব্য করেন, নিঃসন্দেহে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদই এই ব্যর্থ সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রী।
তিনি আরও লেখেন, "আমরা তো এমন বাংলাদেশ চাইনি। আমরা এই দেশের প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠার জন্যই ২০২৪-এ লড়াই করেছিলাম।" এই প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, দেশের মানুষকে যদি প্রত্যাশিত নিরাপত্তা দিতে ব্যর্থ হন স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে সময় থাকতেই নিজের ব্যর্থতার দায় স্বীকার করে তাঁর পদত্যাগ করা উচিত।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম গত শুক্রবার মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হয়। দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা তল্লাশির পর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের জঙ্গল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, যার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তুহিন নামের এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এই মর্মান্তিক হত্যাকাণ্ডকে ঘিরেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাদিক কায়েম।
উল্লেখ্য, একই ঘটনার প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর আমিরও স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা করেছেন বলে জানা গেছে।













