বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামে পতন

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০২৬

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামে পতন

সেতু মাহমুদ: বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ার একই দিনে আন্তর্জাতিক বাজারে উল্টো চিত্র দেখা গেছে কমেছে অপরিশোধিত তেলের দাম।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দামই কমেছে।

আন্তর্জাতিক জ্বালানি বাজার পর্যবেক্ষকদের মতে, বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং চাহিদা সংক্রান্ত পূর্বাভাসের প্রভাবে এই মূল্যপতন হয়েছে। তবে একই সময়ে বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের দাম উল্টো দিকে হাঁটছে।

গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল এই চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়ে দেয়, যা আজ সোমবার থেকেই কার্যকর হয়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে একযোগে মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তের ব্যাখ্যায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, দীর্ঘদিন ধরে জমে থাকা লোকসানের চাপ এবং সংস্থাটির ব্যাংক হিসাবে থাকা প্রায় ১২ হাজার ৩৬৮ কোটি টাকা, যা আগামী দুই মাসের জ্বালানি আমদানি ব্যয় মেটানোর জন্যও পর্যাপ্ত নয়, এই বাস্তবতার কারণেই মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। bpc.gov.bd

তবে বিশ্ববাজারে তেলের দাম কমার সময়েই দেশে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম এ প্রসঙ্গে মন্তব্য করেছেন, আন্তর্জাতিক বাজারের প্রকৃত চিত্রের সঙ্গে দেশীয় সিদ্ধান্তের এই অসামঞ্জস্য সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারদর এবং দেশীয় বাজারে খুচরা মূল্য নির্ধারণের মধ্যে এই ধরনের বৈপরীত্য নিয়ে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রয়োজন বলে মত দিয়েছেন তাঁরা।

আরো পড়ুন...

জাতিসংঘে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী