নুরুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় আটক তুহিনের বাসা থেকে নিহতের মায়ের হারিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিল্লা কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মফিজ উদ্দিন ভূইয়া।
তিনি জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তুহিনের বাসায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা আইফোনটি উদ্ধার করেন। উল্লেখ্য, মায়ের এই আইফোনটি নিয়েই বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ হয়েছিল অপ্রতিম।
পুলিশ জানায়, শনিবার বিকেল ৩টার দিকে প্রথমে তুহিনকে আটক করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর আরও দুজনকে আটক করা হয় সন্ধ্যা ৭টার দিকে আনাস এবং তার প্রায় আধা ঘণ্টা পর ফাহিমকে। সিসিটিভি ফুটেজ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত মোট তিনজনকে আটক করা হয়েছে বলে জানান পরিদর্শক মফিজ উদ্দিন ভূইয়া। আটক তিনজনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলে জানা গেছে।
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও আলামত পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে, ওই আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়া অপ্রতিমের কাছে থাকা আইফোনের অবস্থান আগে থেকেই শনাক্ত করা হয়েছিল কি না জানতে চাইলে পরিদর্শক মফিজ উদ্দিন বলেন, তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।
জানা গেছে, আটক তুহিনের বিরুদ্ধে এর আগেও মোটরসাইকেল চুরির অভিযোগ ছিল। এদিকে কুমিল্লার পুলিশ সুপার লুৎফর রহমান জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।













