৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০২৬

৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ

অতিন বিশ্বাস: আট দফা দাবি সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ৭টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জোটের নেতাকর্মী ও সমর্থকেরা মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জড়ো হতে থাকেন। কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।

উদ্বোধনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। এছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ জোটের অন্যান্য নেতারা বক্তব্য রাখবেন।

সমাবেশে জোটের ঘোষিত বিভিন্ন দাবির বিষয়ে নেতারা বক্তব্য তুলে ধরছেন। কর্মসূচির আট দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ।

এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ এবং প্রশাসনে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে। উত্তরাঞ্চলের স্বার্থসংশ্লিষ্ট বিষয় হিসেবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও এবারের কর্মসূচিতে যুক্ত করা হয়েছে।

উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা করার কর্মসূচি রয়েছে। ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করার পরিকল্পনা করেছে ১১ দলীয় ঐক্য।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব কর্মসূচিতে জোটের নেতারা তাদের দাবিগুলো তুলে ধরবেন।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ করার কথা রয়েছে। ঢাকা থেকে রংপুর পর্যন্ত দীর্ঘ এই কর্মসূচির মাধ্যমে উত্তরাঞ্চলের বিভিন্ন সমস্যা এবং জাতীয় পর্যায়ের রাজনৈতিক দাবিগুলো সামনে আনার উদ্যোগ নিয়েছে জোটটি।

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদেরও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর একই জোট ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি পালন করেছিল। এবার উত্তরাঞ্চলকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিসহ মোট আটটি দাবি রাখা হয়েছে।

রাজনৈতিক কর্মসূচি হিসেবে এই লংমার্চে জোটের বিভিন্ন দলের নেতাকর্মীদের পাশাপাশি সমর্থকদের অংশগ্রহণের কথা রয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে রাজধানী থেকে রংপুর পর্যন্ত বিভিন্ন স্থানে পথসভা এবং সমাপনী সমাবেশের মাধ্যমে দাবিগুলো তুলে ধরবে ১১ দলীয় ঐক্য।

আরো পড়ুন...

আওয়ামী লীগ পথ অনুসরণ করছে বর্তমান সরকার: নাহিদ