সেতু মাহমুদ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে এবং বাংলাদেশ সময় রাতে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া এই অধিবেশনে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে যোগ দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক।
এদিন সকাল সাড়ে ৭টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতা ও তাদের সঙ্গীদের সম্মানে এক প্রাতরাশের আয়োজন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ওই প্রাতরাশে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান। প্রাতরাশ শেষে সকাল ৯টার দিকে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরাও উপস্থিত ছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী পর্বে বক্তব্য দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। অধিবেশনস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়ে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। un.org
নিজের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তারেক রহমানের এই উপস্থিতি একটি অনন্য নজির, যা আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, যেখানে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন তিনি।













