মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক অভিযানে লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও একটি আগ্নেয়াস্ত্রসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৭.৬৫ মিমি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে লোহাগাড়া থানাধীন চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
চেকপোস্টে পিকআপ তল্লাশি করে উদ্ধার
পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম এর নির্দেশনায় মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানের অংশ হিসেবে চুনতীতে চেকপোস্ট বসানো হয়। এসময় একটি Foton পিকআপ (রেজিঃ চট্টগ্রাম মেট্রো-ন-১২-০৬৩৪) তল্লাশি করা হয়।
পরে আটকৃতদের দেখানো মতে এবং তাদের নিজ হাতে বের করে দেওয়ার ভিত্তিতে চালকের সিটের পিছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো সাদা পলিথিনের একটি পুটলা উদ্ধার করা হয়।
পুটলার ভিতর থেকে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং “Made in USA” খোদাইকৃত একটি সচল পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি পাওয়া যায়।
গ্রেফতারকৃতরা কক্সবাজারের
এ ঘটনায় কক্সবাজার সদরের খুরুশকুল এলাকার বাসিন্দা ১. মোঃ তারেকুল ইসলাম (২৬) পিতা- মোঃ আবুল কালাম ও ২. মোঃ রাশেদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৮) পিতা- আহম্মেদ আলীকে গ্রেফতার করা হয়।
মামুনের খোঁজে অভিযান
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা কক্সবাজারের কুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে মাদক ও অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিল। একই এলাকার জনৈক মামুনের সঙ্গে যোগসাজশে তারা এটি পরিবহন করছিল। মামুন আগেই বাসযোগে চট্টগ্রাম শহরে চলে যায়।
পলাতক মামুনকে গ্রেফতার এবং তার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে পুলিশের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কঠোর অবস্থানে জেলা পুলিশ
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত চেকপোস্ট, যানবাহনে তল্লাশি ও বিশেষ অভিযান চলমান থাকবে। মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে।
এ ঘটনায় লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।













