মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সারাদিন কর্ণফুলী থানার বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়, যাতে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ। তাঁর নির্দেশনায় পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে যৌথভাবে এই অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. আলাউদ্দিনের বাড়ি চরপাথরঘাটা ইছানগর এলাকায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া অপর দুই আসামি আব্দুল খালেক ও মোহাম্মদ শফিউল আলমের বিরুদ্ধে বিদ্যুৎ আইনের মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
সিএমপি সূত্র জানায়, বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজিম উদ্দিন ও কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসানের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান সম্পন্ন হয়। পুলিশ প্রশাসনের এই সমন্বিত উদ্যোগের ফলেই দীর্ঘদিন ধরে পলাতক থাকা তিন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা সম্ভব হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর গ্রেপ্তারকৃত তিনজনকেই আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ভবিষ্যতেও এ ধরনের পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।













