সরকার বিকল্প ও বহুমুখী জ্বালানি উৎসের সন্ধান করছে: শামা

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০২৬

সরকার বিকল্প ও বহুমুখী জ্বালানি উৎসের সন্ধান করছে: শামা

জয়শ্রী রানী, নিজস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিকল্প ও বহুমুখী জ্বালানি উৎসের সন্ধান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ডিং নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি নামের একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে শামা ওবায়েদ বলেন, নির্দিষ্ট কোনো একক উৎসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা যুদ্ধ কিংবা বৈশ্বিক সংকটকালে অর্থনীতির ওপর মারাত্মক চাপ সৃষ্টি করতে পারে।

এ কারণেই জ্বালানি খাতে বহুমুখীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি উল্লেখ করেন, এ লক্ষ্যে আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে জ্বালানি উৎস নিয়ে আলোচনা চলছে।

একই সঙ্গে সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, এলএনজির বিকল্প উৎস এবং ব্লু ইকোনমির সম্ভাবনা নিয়েও কাজ এগিয়ে চলেছে।

সৌরবিদ্যুৎ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন

এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভবনকে শতভাগ সৌরবিদ্যুতের আওতায় আনা হয়েছে।

পর্যায়ক্রমে অন্যান্য সরকারি দপ্তর ও স্থাপনাতেও সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে চীন ও জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

পাশাপাশি এলএনজি আমদানির ক্ষেত্রেও একাধিক নির্ভরযোগ্য উৎস নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

শামা ওবায়েদ আরও বলেন, অর্থনৈতিক কূটনীতি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকারের জায়গা।

বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে

এবং বিনিয়োগকারীদের হয়রানি কমাতে 'ওয়ান স্টপ সার্ভিস' ধাঁচের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, পাশাপাশি সম্প্রসারণ করা হচ্ছে ডিজিটাল সেবার পরিধিও।

তিনি বলেন, বাংলাদেশকে শুধু বন্যা, অনিয়মিত অভিবাসন কিংবা বিভিন্ন সংকটের দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার পরিবর্তে সরকার দেশের গণতান্ত্রিক অগ্রগতি,

অর্থনৈতিক সম্ভাবনা, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে চায়।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারায় ফিরে আসার পর এই অধিবেশন বাংলাদেশের নতুন সম্ভাবনা ও আকাঙ্ক্ষা বিশ্বমঞ্চে তুলে ধরার একটি বড় সুযোগ এনে দিয়েছে।

তিনি জানান, এবারের অধিবেশনে উন্নয়নের অধিকার, জলবায়ু পরিবর্তন, মহামারি প্রতিরোধ

ও পারমাণবিক নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে, পাশাপাশি রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরবে বাংলাদেশ।

শেষে শামা ওবায়েদ বলেন, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে সরকার বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ শুরু করেছে

এবং বাংলাদেশকে বিশ্বের সামনে একটি আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায়।

আরো পড়ুন.....

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে ৩ মরদেহ উদ্ধার: এলাকায় তীব্র চাঞ্চল্য