ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০২৬

ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ

সেতু মাহমুদ: ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

গত রোববার নিজের জাতীয়তাবাদী রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালির (এফডিআই) যুব শাখার এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন। এর পরপরই বৃহস্পতিবার ইতালির মন্ত্রিসভা এ বিষয়ে একটি ডিক্রি-ল' (জরুরি অধ্যাদেশ) অনুমোদন করেছে।

নতুন বিধান অনুযায়ী, ইতালির স্কুলে বোরকা ও নিকাব পরা অবৈধ ঘোষণা করা হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, মুসলিম নারীদের ব্যবহৃত মাথার স্কার্ফ হিজাব নিয়ে কোনো নিষেধাজ্ঞার কথা উল্লেখ করেননি মেলোনি অর্থাৎ শুধু মুখাবরণী বোরকা ও নিকাবই এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

মেলোনি জানান, ইতালীয় শিক্ষাব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে "মারাত্মক সমস্যায়" থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্যও ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে বলে জানানো হয়েছে নতুন এই পরিকল্পনায়।

একইসঙ্গে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। নতুন বিধান অনুযায়ী, আগামী বছর থেকে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা নেই এমন বিদেশি শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর ৩০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে যেসব বিদেশি শিক্ষার্থীর ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা রয়েছে বিশেষত ইতালিতে জন্ম নেওয়া বিদেশি শিক্ষার্থীরা তাদের ক্ষেত্রে এই কোটার হার বাড়ানোর সুযোগ থাকবে।

ইতালির বর্তমান আইনে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যার সীমা আগে থেকেই নির্ধারিত থাকলেও, নতুন করে ঠিক কী পরিবর্তন আনা হবে তা এখনো স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী মেলোনি। ইতালির ন্যাশনাল স্ট্যাটিস্টিকস ইনস্টিটিউটের (আইএসটিএটি) তথ্য অনুযায়ী, দেশটির স্কুলে ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর প্রায় ১২ শতাংশই বিদেশি।

এদিকে ইতালির বিদ্যমান আইনে সরাসরি স্কুল বা জনসমাগমস্থলে বোরকা নিষিদ্ধকারী কোনো সুনির্দিষ্ট বিধান নেই। তবে ১৯৭৫ সালের একটি পুরোনো আইনে বলা আছে, যৌক্তিক কারণ ছাড়া মুখ বা পরিচয় আড়াল করে এমন পোশাক পরিধান নিষিদ্ধ।

সরকার অনুমোদিত এই ডিক্রি-ল' তাৎক্ষণিকভাবে কার্যকর হতে পারলেও, স্থায়ীভাবে কার্যকর রাখতে হলে আগামী ৬০ দিনের মধ্যে এটি পার্লামেন্টে অনুমোদন করাতে হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইতালির রাজনীতিতে অভিবাসন ইস্যু দীর্ঘদিন ধরেই একটি বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়ে আসছে, যেখানে রাজনীতিবিদরা প্রায়ই একে অপরের চেয়ে বেশি অভিবাসনবিরোধী অবস্থান প্রমাণে সচেষ্ট থাকেন। এর আগে গত জুলাই মাসে ইতালির আরেকটি ডানপন্থি দল ন্যাশনাল ফিউচার পার্টিও স্কুলে বোরকা ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছিল। আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচনকে সামনে রেখেই মেলোনি সরকারের এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।

আরো পড়ুন...

বিশ্ব ফুসফুস দিবসে কিভাবে ফুসফুস সুস্থ রাখবেন?