সেতু মাহমুদ: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের অদূরে ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত ঐতিহ্যবাহী "তুর্কি হাউস"-এ এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক উচ্চপর্যায়ের অধিবেশনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিউইয়র্কে সমবেত হওয়ার এই সময়টিতে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করছেন এরদোয়ান, যার অংশ হিসেবেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যতে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়েও একমত পোষণ করেন তাঁরা।
জানা যায়, বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা। এছাড়া দ্বিপক্ষীয় বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ গ্রহণ এবং কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে যোগাযোগ আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিশ্বমঞ্চে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বৈঠক দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। un.org
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের এই সফরে জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক ও সাক্ষাতে অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর, এবং আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি যা প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ অধিবেশনে তাঁর প্রথম ভাষণ।













