মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) বেলা আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাটগড় রেলগেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতকানিয়া উপজেলার বাসিন্দা আবু তাহের (৫০) ও আব্দুস শুক্কুর (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী ট্রেন রেলগেট অতিক্রম করার সময় একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও যাত্রী নিহত হন। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা উত্তেজিত হয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেন আটকে দেয়। ফলে বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে রেল চলাচল বন্ধ রয়েছে।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, রেলগেটে দায়িত্বরত গেটম্যান ছিল কিনা এবং দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।













