মহাসড়কের জায়গা দখল করে অবৈধ ব্যবসা, জনদুর্ভোগ চরমে

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ১৯, ২০২৬

মহাসড়কের জায়গা দখল করে অবৈধ ব্যবসা, জনদুর্ভোগ চরমে

মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান দোহাজারী বাজার।

সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ফুটপাত থেকে শুরু করে মহাসড়কের পাশের জায়গা দখল করে চলছে ব্যবসা। এতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। ভোগান্তিতে পড়ছে হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে অস্থায়ী দোকান, সিএনজি ও রিকশা স্ট্যান্ড। সন্ধ্যার পর যানজট ভয়াবহ রূপ নেয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে গাড়ি। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও দূরপাল্লার যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি মহল সড়কের জায়গা দখল করে ভাড়া দিয়ে ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক জানান, দীর্ঘদিন ধরে ৫০০ থেকে ৬০০ ফুট পর্যন্ত সড়কের জায়গা দখল করে রাখা হয়েছে। দোহাজারী বাজারে যানজট এখন নিত্যদিনের ঘটনা। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান তারা।

রাস্তার পাশে দোকান দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী যেভাবে অবৈধভাবে ব্যবসা করছে তা কাম্য নয়। এটি ব্যস্ততম রাস্তা। সারাদিন গাড়ি চলাচল করে। এসব দোকানগুলো বাড়তি জ্যাম তৈরি করছে বলে জানিয়েছেন সুমাইয়া আফরোজ নামের স্থানীয় বাসিন্দা।

অন্যদিকে,নবম শ্রেণীর শিক্ষার্থী জোবাইদা হোসেন বলেন, মাঝেমধ্যে স্কুলের জন্য বাসা থেকে ৩০ থেকে ৪০ মিনিট আগে বের হতে হয় কারণ অতিরিক্ত যানজোটের কারণে ক্লাসে দেরি হয়ে যায়। dohazariup.chittagong.gov.bd

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অবৈধ স্থাপনার তালিকা করা হচ্ছে। শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

অবিলম্বে মহাসড়কের জায়গা দখলমুক্ত করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ ও পরিবহন শ্রমিকরা।

আরো পড়ুন...

লোহাগাড়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ব্যবসায়ী-নাগরিকদের মানববন্ধন