মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম আরিফুল ইসলাম (৩০)। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছলিমার পাড়া এলাকার বাসিন্দা আবদুল আলমের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ির পাশে নিজের মাছের ঘেরে কাজ করছিলেন আরিফুল। ঘেরের পানি পরিবর্তনের জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। lলোহাগাড়া উপজেলা
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আমানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আরিফুল খুবই পরিশ্রমী ও ভালো ছেলে ছিল। মাত্র কয়েক মাস আগে সে বিয়ে করেছে। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোক বিরাজ করছে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।













