মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সকল মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
এর আগে সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে চন্দনাইশ পৌরসভা, দোহাজারী পৌরসভা, সকল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তা এবং ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশগ্রহণ করেন।
এ সময় মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজ ঘরবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
“নিজের আঙিনা নিজেই পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধে সবাই মিলে ভূমিকা রাখি” এই প্রত্যয়ে চন্দনাইশকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।













