গোপালগঞ্জে ছাত্রশিবিরের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ১০, ২০২৬

গোপালগঞ্জে ছাত্রশিবিরের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

জয়শ্রী রানী: গোপালগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ইসমাইল ইলাহী, জেলা শাখার সভাপতি ফোরকান খান এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল্লাহ বিন হাবিবের ওপর সন্ত্রাসী হামলা ও তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, গোপালগঞ্জে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিন ছাত্রনেতার ওপর সংঘটিত এই হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক এবং এটি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য একটি অশনিসংকেত। একজন কেন্দ্রীয় নেতাসহ তিন ছাত্রনেতাকে হামলা করে আহত করা এবং তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেন তিনি।

জুবায়ের আরও বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, রাজনৈতিক সহিংসতা, দখলদারিত্ব ও ভয়ভীতির রাজনীতির অবসান প্রত্যাশা করে আসছে। তাঁর ভাষায়, কোনো রাজনৈতিক মত বা আদর্শের কারণে কারও ওপর হামলা চালানো গণতান্ত্রিক ও সভ্য সমাজের মৌলিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। রাজনীতিতে মতপার্থক্য ও প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু প্রতিপক্ষের ওপর হামলা, অগ্নিসংযোগ কিংবা ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ নেই বলে তিনি স্পষ্ট করেন।

হামলার সময় হামলাকারীরা কোনো রাজনৈতিক স্লোগান দিয়ে থাকলে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে হামলা ও অগ্নিসংযোগের কোনো ভিডিও প্রকাশিত হয়ে থাকলে, সেসব বিষয়ও যথাযথভাবে তদন্তের আওতায় আনার আহ্বান জানান জামায়াত নেতা। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তদন্ত সম্পন্ন হওয়ার আগেই কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সংগঠনকে দায়ী না করে প্রকৃত ঘটনা উদঘাটন করাই এখন সবচেয়ে জরুরি।

বিবৃতির শেষে এহসানুল মাহবুব জুবায়ের হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আহত ছাত্রনেতাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি তিনি আহত ছাত্রনেতাদের দ্রুত সুস্থতা কামনা করে দেশের সর্বস্তরের রাজনৈতিক ও সামাজিক শক্তিকে শান্তি, সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

আরো পড়ুন...

সাইবার সুরক্ষা আইনের অপব্যবহারে গণমাধ্যমসহ কারো কণ্ঠ দমন হবে না: তথ্যমন্ত্রী